ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার ফাঁদ: সতর্ক করল ইউরোপীয় ইউনিয়ন
ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের নিরাপত্তা ইস্যু তুলে রাশিয়া ফাঁদ পাতছে এবং আগ্রাসন থেকে মনোযোগ সরাতে চাইছে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় রাশিয়া বড় ধরনের ‘ফাঁদ’ পাতছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে পৌঁছে তিনি বলেন, ইউক্রেনে নিজেদের সামরিক আগ্রাসন থেকে দৃষ্টি সরাতে মস্কো এখন ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে বিতর্কের চেষ্টা করছে।
সম্মেলনে কাজা কালাস স্পষ্ট করে বলেন, এই যুদ্ধে একজন আগ্রাসী এবং একজন ভুক্তভোগী রয়েছে; আগ্রাসীর কোনো নিরাপত্তা উদ্বেগ থাকতে পারে না। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। মার্কিন দূত জ্যারেড কুশনার ইউরোপীয় দেশগুলোকে পরবর্তী বৈঠকে যুক্ত করার কথা বললেও ক্রেমলিন তা দ্রুত নাকচ করে দেয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জোর দিয়ে বলেছেন, ইউরোপের নিরাপত্তা কাঠামো নতুন করে আলোচনার প্রয়োজন নেই। যেকোনো আনুষ্ঠানিক শান্তি আলোচনার আগে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নেতারা।
সূত্র: দ্য গার্ডিয়ান



