সমালোচকের বিরুদ্ধে শিক্ষাবিদদের খেপানোর পরিকল্পনা নিয়ে আলোচনা মেটায়, ফাঁস হতেই উল্টো ফল
মার্কিন আদালতের নথি অনুযায়ী ২০২৩ সালে ‘হুইস্পার স্ট্র্যাটেজি’ নিয়ে আলোচনা করেছিল মেটার কর্মীরা; নথি প্রকাশের পর সমালোচনা উল্টো বেড়েছে।

সামাজিক মাধ্যম কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে—এমন বিতর্কে নিজের সবচেয়ে বড় সমালোচকের বিরুদ্ধে শিক্ষাবিদদের ভাগানোর পরিকল্পনা নিয়ে ২০২৩ সালে আলোচনা করেছিল মেটার কর্মীরা। মার্কিন আদালতে দাখিল হওয়া নথিতে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দ্য ভার্জ।
ওই নথিতে ‘হুইস্পার স্ট্র্যাটেজি’ ও ‘বিলো-দ্য-লাইন’ প্রচারণার কথা আছে, যার উদ্দেশ্য ছিল ‘দ্য অ্যানশিয়াস জেনারেশন’ বইয়ের লেখক জোনাথন হাইড্টের অবস্থানের বিপরীতে জনমত তৈরি করা। একটি প্রস্তাবে ছিল ‘গেলম্যান’কে দিয়ে হাইড্টের বিরুদ্ধে একটি সমালোচনামূলক লেখা লেখানো; এটি সম্ভবত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যানকে বোঝানো হয়েছে, যিনি আগেই প্রকাশ্যে হাইড্টের সমালোচনা করেছিলেন, যদিও নথিতে বানান ভিন্ন।
মেটা আসলে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছিল কি না, তা স্পষ্ট নয়। কোম্পানিটি এ বিষয়ে মন্তব্য করেনি।
তবে নথিগুলো প্রকাশের পর পরিকল্পনাটি উল্টো ফল দিয়েছে। বিতর্কের দুই পক্ষের শিক্ষাবিদ—এমনকি হাইড্টের সমালোচকরাও—এর সমালোচনা করেছেন। কয়েকজন সাফ জানিয়েছেন, তাদের বিরোধিতার পেছনে মেটার কোনো হাত ছিল না।
সূত্র: দ্য ভার্জ ছবি: rawpixel (CC0)



