যুক্তরাজ্যের ব্যাংকে এআই আতঙ্ক: ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের মুখে
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বার্কলেস ও স্ট্যান্ডার্ড চার্টার্ডে ১২ হাজার পদ বিলুপ্তির ঘোষণায় যুক্তরাজ্যের আর্থিক খাতের কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে যুক্তরাজ্যের আর্থিক খাতে কর্মী ছাঁটাইয়ের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। ডেটা প্রসেসিং, কমপ্লায়েন্স ও শুরুর দিকের আর্থিক বিশ্লেষকের মতো পদগুলো স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে দেশটির শীর্ষ ব্যাংকগুলো। এর ফলে আঞ্চলিক কেন্দ্রগুলোর হাজার হাজার কর্মী জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছেন।
ব্রিটিশ ব্যাংক বার্কলেসের প্রধান নির্বাহী সিএস ভেঙ্কটাকৃষ্ণান সম্প্রতি এআই ব্যবহারের কারণে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি লন্ডনভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জোরদার করতে ৭ হাজার পদ কমানোর পরিকল্পনা নিশ্চিত করেছে। বোর্নমাউথে জেপি মরগানের ৫ হাজার ৩০০ কর্মীসহ লিডস ও বার্মিংহামের বহু কেন্দ্র এখন হুমকির মুখে।
যুক্তরাজ্যের ইউনাইট ইউনিয়নের কর্মকর্তা ক্যারেন ইভান্স সতর্ক করে বলেছেন, ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর ব্রিটিশ ব্যাংকিং কর্মীদের জন্য এআই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর্থিক খাতের প্রায় ২৪ হাজার কর্মীর জীবিকা অনিশ্চয়তার মুখে পড়ায় যুক্তরাজ্যে কর্মরত তরুণদের পেশাগত অগ্রগতি ও কর্মসংস্থান বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান



