স্কটল্যান্ডে ১,০০০ স্কুলে বোমার ভুয়া হুমকি: আতঙ্কিত না হওয়ার বার্তা
স্কটল্যান্ডের এক হাজারেরও বেশি স্কুলে ভুয়া বোমার হুমকি পাঠানো হলেও কোনো বাস্তব ঝুঁকি নেই জানিয়ে অভিভাবকদের আশ্বস্ত করেছে স্কটিশ সরকার ও পুলিশ।

যুক্তরাজ্যের স্কটল্যান্ডজুড়ে এক হাজারেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। তবে জনসাধারণের জন্য কোনো বাস্তব ঝুঁকি নেই জানিয়ে শিক্ষার্থীদের যথারীতি ক্লাসে পাঠানোর আহ্বান জানিয়েছে স্কটিশ পুলিশ ও প্রশাসন। শিক্ষামন্ত্রী মাইরি ম্যাকঅ্যালান পার্লামেন্টকে আশ্বস্ত করে বলেছেন, পুরো পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো এমন সতর্কবার্তা। দেশটির পুলিশ এক ঘণ্টার মধ্যেই ইমেইলগুলোকে ভুয়া বা প্রতারণামূলক বলে শনাক্ত করতে সক্ষম হয়। সহকারী প্রধান কনস্টেবল মার্ক সাদারল্যান্ড বিবিসিকে জানান, তদন্তে কোনো নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তিনি নিজেও পরদিন তাঁর মেয়েকে স্কুলে পাঠাবেন।
পুলিশের বিশেষায়িত সাইবার অপরাধ ইউনিট বার্তাগুলোর উৎস শনাক্তে আন্তর্জাতিক তদন্ত শুরু করেছে। জানা গেছে, একই ধরনের ভুয়া ইমেইল উত্তর আয়ারল্যান্ডের প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইতালির বেশ কিছু স্কুলেও পাঠানো হয়েছে। ব্রিটিশ গোয়েন্দারা ধারণা করছেন, যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ে একই চক্র এই বিভ্রান্তিকর কর্মকাণ্ডের পেছনে যুক্ত থাকতে পারে।
সূত্র: বিবিসি ছবি: Dave Meier / StockSnap (CC0)
