যুক্তরাজ্যে £১১ বিলিয়ন বিনিয়োগ: জ্বালানি খাতে নতুন কর্মসংস্থান
ইতালীয় জ্বালানি কোম্পানি এনি যুক্তরাজ্যে ২০৩০ সাল পর্যন্ত প্রায় ১১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ এবং দক্ষ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যের জ্বালানি খাতে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইতালীয় জ্বালানি প্রতিষ্ঠান এনি। লন্ডনে যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিষয়ক মন্ত্রী মিয়াটা ফাহনবুলেহর সঙ্গে এনির প্রধান নির্বাহী ক্লাউদিও ডেসকালজির বৈঠকে এই পরিকল্পনার বিষয়টি চূড়ান্ত হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই মোট বরাদ্দের প্রায় দুই-তৃতীয়াংশ ব্যয় করা হবে স্বল্প-কার্বন নির্গমন সংশ্লিষ্ট খাতে। বিশেষ করে উত্তর-পশ্চিম অঞ্চলের কার্বন ক্যাপচার প্রকল্প এবং উত্তর সাগরে অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পের মতো খাতে এই তহবিল ব্যবহার করে দক্ষ জনবল ও কর্মসংস্থান গড়ে তোলা হবে।
ব্রিটিশ মন্ত্রী মিয়াটা ফাহনবুলেহ এই বিনিয়োগকে ব্রিটেনের শিল্প ভবিষ্যতের ওপর গভীর আস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলোতে নতুন জীবন ফেরাতে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্র: Egypt Oil & Gas
