যুক্তরাজ্যে হোম অফিসের রেকর্ড অভিযান: ৬৬ শতাংশেই গ্রেপ্তার নেই
যুক্তরাজ্যে গত বছর অভিবাসন বিভাগের রেকর্ড সাড়ে ২৩ হাজার অভিযানের মধ্যে ৬৬ শতাংশ ক্ষেত্রেই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে এক অনুসন্ধানে উঠে এসেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিস দেশজুড়ে অবৈধ অভিবাসনবিরোধী রেকর্ডসংখ্যক অভিযান চালালেও তার দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা দ্য ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের (টিবিআইজে) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন স্টেশন ও বন্দরে মোট ২৩ হাজার ৫০০টিরও বেশি অভিযান চালানো হয়, যা গড়ে প্রতিদিন ৬০টিরও বেশি। তবে এসব অভিযানের মধ্যে ১৫ হাজার ৫০০টিরও বেশি অর্থাৎ ৬৬ শতাংশ ক্ষেত্রে কোনো অভিবাসীকেই আটক করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, এক দশক আগে ৪০ শতাংশ অভিযানে আদালতের সার্চ ওয়ারেন্ট থাকলেও বর্তমানে মাত্র এক-চতুর্থাংশ অভিযানে ওয়ারেন্ট থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৮০ শতাংশ তথ্যই এসেছে সাধারণ মানুষের উড়ো চিঠি বা অভিযোগ থেকে। বিষয়টি নিয়ে সমালোচনা করে অভিবাসী অধিকার সংস্থাগুলো জানিয়েছে, দুর্বল প্রমাণের ভিত্তিতে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
সূত্র: Novara Media

