সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়সহ ৬ পুলিশ বরখাস্ত, ১ জনকে বাধ্যতামূলক অবসর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং অপর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ার্দারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে দীর্ঘকাল কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক সাতটি প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এসএম শামীম, সুনামগঞ্জের রুবাইয়াত জামান, পুলিশ সদরদপ্তরের মো. সারোয়ার কবির সোহাগ এবং এপিবিএন-২-এর মো. আরিফুজ্জামান।
প্রজ্ঞাপনে জানানো হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে ২০১৭ সাল থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে এবং বিভাগীয় তদন্তে অসদাচরণ প্রমাণিত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: ঢাকা ট্রিবিউন


