ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত
বুধবার ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হয়েছে।

হেমন্তের সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ তীব্র বজ্রপাত ও দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হয়েছে। বুধবার ভোর ৬টার কিছু আগে ঢাকায় বৃষ্টি শুরু হয়ে সাড়ে ৬টার পর পর্যন্ত চলে। রাজধানী ছাড়াও উত্তরের গাইবান্ধা, বগুড়া, ময়মনসিংহ ও মুন্সীগঞ্জসহ দেশের নানা এলাকায় ভোরের দিকে বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের স্থলভাগে একটি লঘুচাপ সৃষ্টির কারণে এই হঠাৎ বৃষ্টি ও বৈরী আবহাওয়া তৈরি হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে, যা চলতি হেমন্তে অনেকটাই বিরল।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামী শুক্রবার আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরবর্তীতে ১৮ নভেম্বরের পর থেকে দেশজুড়ে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে শীত অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো




