কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন ডাচেস অব এডিনবরা সোফি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে মানবিক কার্যক্রম ঘুরে দেখেছেন।

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ১০টায় একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ প্রতিনিধিদলসহ তিনি কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান। সেখানে তিনি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন।
সফরকালে ডাচেস সোফি জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত একটি নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত নারী সহায়তা কেন্দ্র এবং শিশুদের শিক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। দুপুরে তিনি রোহিঙ্গা নারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনযাত্রার খোঁজখবর নেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ব্রিটিশ ডাচেস বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তিনি ৪ ও ২০ নম্বর ক্যাম্পে বিভিন্ন সংস্থার মানবিক সহায়তা প্রকল্প এবং রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের নানা উদ্যোগ প্রত্যক্ষ করেন।
সূত্র: ঢাকা ট্রিবিউন




