পূর্ব লন্ডনের বার্কিংয়ে ওয়াগন লাইনচ্যুত: ৩ সপ্তাহ পর ফিরল ট্রেন
পূর্ব লন্ডনের বার্কিং স্টেশনে একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগন প্রায় এক মাইল টেনে নেওয়ার পর ক্ষতিগ্রস্ত রেললাইনে তিন সপ্তাহ পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

পূর্ব লন্ডনের ব্যস্ত বার্কিং স্টেশনে একটি মালবাহী কনটেইনার ট্রেনের লাইনচ্যুত ওয়াগন প্রায় এক কিলোমিটার বা এক মাইলের কাছাকাছি পথ টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। রেল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (আরএআইবি) প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
তদন্তকারীরা জানান, এসেক্সের লন্ডন গেটওয়ে থেকে ওয়ারউইকশায়ারের হামস হলের দিকে যাওয়ার পথে ট্রেনটি বার্কিং স্টেশনের কাছে থামার পর পুনরায় চালু হলে একটি ওয়াগন লাইনচ্যুত হয়। ওয়াগনটির চাকা স্লিপারের ওপর দিয়ে বার্কিং স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করে। পয়েন্ট ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে সিগন্যালার ট্রেনটি থামাতে সক্ষম হন।
ভয়াবহ এই লাইনচ্যুতির কারণে রেললাইন ও সিগন্যালিংয়ের ব্যাপক ক্ষতি হওয়ায় সিটুসি (c2c) লাইনের অংশবিশেষ প্রায় তিন সপ্তাহ বন্ধ ছিল। প্রকৌশলীরা ১ দশমিক ২ কিলোমিটারের বেশি রেললাইন ও সিগন্যাল তার মেরামতের পর বুধবার থেকে স্বাভাবিক ট্রেন চলাচল এবং লন্ডন ওভারগ্রাউন্ডের সাফ্রেজেট লাইন পুনরায় চালু হয়েছে।
সূত্র: বিবিসি লন্ডন




