লন্ডনে সাংবাদিকদের ওপর হামলার ছক: ইরানি গুপ্তচরবৃত্তিতে দোষী ২ ব্যক্তি
পশ্চিম লন্ডনে বসবাসকারী দুই ইরানি আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিকদের ওপর নজরদারি ও হামলার পরিকল্পনার দায়ে উলউইচ ক্রাউন কোর্ট দোষী সাব্যস্ত করেছে।

যুক্তরাজ্যে অবস্থানরত সাংবাদিক ও আইনজীবীর ওপর নজরদারি চালিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট। বৃহস্পতিবার আদালত ৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দ এবং ৪৬ বছর বয়সী ফারহাদ জাভাদি মানেসকে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে দোষী ঘোষণা করে।
কাউন্টার টেররিজম পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে এই দুজন লন্ডনভিত্তিক ফার্সি সংবাদমাধ্যম 'ইরান ইন্টারন্যাশনাল'-এর দুই সাংবাদিক এবং একজন আইনজীবীকে নিশানা করেছিলেন। তাঁদের কাছ থেকে জব্দ করা ৫৩৪ গিগাবাইট তথ্যে লক্ষ্যবস্তুদের ছবি, গাড়ির বিবরণ ও কর্মস্থলের ঠিকানা পাওয়া যায়। তদন্তে জানা গেছে, তথ্য সংগ্রহের কাজে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন।
পশ্চিম লন্ডনে বসবাসকারী এই দুই ব্যক্তি অতীতে লরি ও ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করে সাময়িক আশ্রয়ের অনুমতি পেয়েছিলেন। কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ সমন্বয়ক ভিকি ইভানস জানান, কোনো রাষ্ট্রীয় হুমকি মামলায় চ্যাটজিপিটি ব্যবহারের প্রমাণ আদালতে উপস্থাপন করার ঘটনা এটিই প্রথম। একই মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়েছেন।
সূত্র: বিবিসি লন্ডন




