লন্ডনে ২ কোটি পাউন্ডের তরুণ প্রকল্প ব্যর্থ: চাকরি পেল মাত্র ৪২%
লন্ডনে তরুণদের কর্মসংস্থানে সরকারের ২ কোটি পাউন্ডের বিশেষ উদ্যোগের প্রথম বছরে মাত্র ৪২ শতাংশ তরুণ কাজ বা পড়াশোনার সুযোগ পেয়েছেন।

লন্ডনে তরুণদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্য নেওয়া সরকারের ২ কোটি পাউন্ডের বিশেষ কর্মসূচি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গ্রেটার লন্ডন কর্তৃপক্ষের প্রথম বছরের তথ্য অনুযায়ী, এই তহবিলের আওতায় সহায়তা পাওয়া ২ হাজার ৬০০ তরুণের মধ্যে মাত্র ১ হাজার ১০০ জন বা ৪২ শতাংশ কাজ অথবা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
কনজারভেটিভ দলের লর্ড শন বেইলি এই প্রকল্পকে স্পষ্ট ‘ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়ে নিয়োগকর্তাদের সরাসরি প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাজ্যের দক্ষতা বিষয়ক মন্ত্রী জ্যাকি স্মিথ উদ্যোগটির পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, পিছিয়ে পড়া তরুণদের মূলধারায় আনাই মূল লক্ষ্য এবং প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ১০ লাখ তরুণ কোনো কাজ, পড়াশোনা বা প্রশিক্ষণে যুক্ত নেই। লন্ডনের ১২টি বরোসহ পুরো রাজধানীতে মানসিক স্বাস্থ্য সহায়তা, ক্যারিয়ার পরামর্শ ও কাজের সুযোগ তৈরিতে এই প্রকল্প নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য না আসায় তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: বিবিসি লন্ডন




