ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারার্স অ্যাওয়ার্ডে সেরা শেফ কাইয়ুম খান
লন্ডনে আয়োজিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ১৯তম বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সারের স্পাইস লাউঞ্জের প্রধান শেফ কাইয়ুম দেওয়ান খান বর্ষসেরা শেফ নির্বাচিত হয়েছেন।

যুক্তরাজ্যের সারে কাউন্টির একটি জনপ্রিয় রেস্তোরাঁর প্রধান শেফ কাইয়ুম দেওয়ান খান মর্যাদাপূর্ণ ‘বিসিএ শেফ অব দ্য ইয়ার ২০২৬’ খেতাব অর্জন করেছেন। লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) ইউকে আয়োজিত ১৯তম বার্ষিক অ্যাওয়ার্ড ও গালা ডিনারে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি রেস্তোরাঁ ও কারি শিল্পের প্রধান প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে কাজ করছে বিসিএ। দীর্ঘ প্রায় দুই দশক ধরে এই পুরস্কারের মাধ্যমে ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি খাতের উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। লন্ডনের জমকালো এই আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট উদ্যোক্তা, রাজনীতিবিদ ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।
সারে কাউন্টির মাইচেট গ্রামে ফ্রিমলি ও অ্যাশ ভেলের মধ্যবর্তী স্থানে অবস্থিত ‘স্পাইস লাউঞ্জ’ রেস্তোরাঁর রান্নাঘরের নেতৃত্ব দিচ্ছেন কাইয়ুম খান। তাঁর বিশেষ রেসিপির চিকেন ও ল্যাম্ব রাজস্থানি এবং চিকেন জয়পুরি ভোজনরসিকদের কাছে ব্যাপক প্রশংসিত। এর আগেও রেস্তোরাঁটি কারি এক্সপার্ট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছিল।
সূত্র: বিবিসি




