যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি রেস্তোরাঁর বাজিমাত: জিতল জোড়া পুরস্কার
যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসে খাঁটি বাংলাদেশি খাবার পরিবেশনের স্বীকৃতি হিসেবে শীর্ষ পুরস্কার জিতেছে জাক আহমেদের দুই জনপ্রিয় রেস্তোরাঁ।

যুক্তরাজ্যের নর্থাম্বারল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ সালের 'নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডস' (নেবা)-এ জোড়া পুরস্কার অর্জন করেছে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের দুটি রেস্তোরাঁ। বারউইক-আপন-টুইডের পরিচিত রেস্তোরাঁ ‘আমরানস’ টানা তৃতীয়বারের মতো নর্থাম্বারল্যান্ডের সেরা ইন্ডিয়ান রেস্তোরাঁর খেতাব জিতেছে।
একই সঙ্গে মরপেথের ব্রিজ স্ট্রিটে চালু হওয়া নতুন রেস্তোরাঁ ‘কানি বাই আমরানস’ উদ্বোধনের মাত্র এগারো মাসের মাথায় নর্দার্ন ভেলের সেরা রেস্তোরাঁর পুরস্কার লাভ করেছে। রেস্তোরাঁ দুটির অন্যতম পরিচালক জাক আহমেদ জানান, পাঁচ বছর ধরে চলা এই সম্মানজনক প্রতিযোগিতায় তাঁদের এই সাফল্য ব্রিটিশ সমাজে বাংলাদেশি খাবারের নিজস্ব পরিচিতি তুলে ধরতে সহায়তা করবে।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কারি হাউসগুলোর অধিকাংশই ব্রিটিশ-বাংলাদেশিদের পরিচালিত হলেও দীর্ঘদিন তা সাধারণ ভারতীয় খাবার নামে পরিবেশিত হতো। তবে সবুজ ও লাল রঙের থিম নিয়ে আমরানস এবং কানি নিজস্ব বাংলাদেশি পরিচয়ে ব্যবসা পরিচালনা করছে। এই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি মরপেথে ‘কানি এক্সপ্রেস’ নামে একটি নতুন টেকঅ্যাওয়ে খোলার ঘোষণা দিয়েছে।
সূত্র: বিবিসি




